বিশেষ অভিযানে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কোমরগঞ্জ এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা জাহিদুল ইসলাম খান-এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সৈয়দ ইমামুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযানে অংশ নেন।
পুলিশ সূত্রে জানা যায়, ১১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০টা ৫০ মিনিটে নবাবগঞ্জ থানাধীন কোমরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে কাজী জুম্মন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি নবাবগঞ্জ থানার বর্ধনপাড়া এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলা নং-১৮, তারিখ ১২ আগস্ট ২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১৯(ক) ধারায় রুজু করা হয়।
পরে গ্রেফতার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।