আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাইপাইল এলাকায় বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল গফুর মিয়ার উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) ধামসোনা ইউনিয়নের বাইপাইল এলাকার আল-মদিনা আড়ৎ ব্যবসায়ীদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
আল-মদিনা সুপার মার্কেটের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. কফিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. আব্দুল গফুর মিয়া।
তাঁতীদলের সভাপতি মো. শামীম হাসানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী মো. আবুল কাশেম মিয়া, ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সি, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি মো. সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইব্রাহিম হাবিব, মৎস্যজীবী দলের সভাপতি কামরুল হাসান এবং ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বাবুল হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও ব্যবসায়ীরা।
মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন সমস্যা ও নাগরিক দুর্ভোগের বিষয় তুলে ধরেন। এ সময় এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা এবং সাধারণ মানুষের যাতায়াতের ভোগান্তি নিয়ে আলোচনা হয়। ব্যবসায়ীরা এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
ব্যবসায়ীদের বক্তব্য শোনার পর চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. আব্দুল গফুর মিয়া বলেন, নির্বাচিত হলে ধামসোনা ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে কাজ করবেন। এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরও জানান, ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের মতামত ও চাহিদাকে গুরুত্ব দেওয়া হবে।
ধামসোনা ইউনিয়ন পরিষদের বিভিন্ন ধরনের সেবার অনিয়মের কথা তুলে ধরে বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে এসব অনিয়ম দুর করে সাধারণ মানুষ যাতে সহজে বিভিন্ন ধরনের সেবা গ্রহন করতে পারে তার সুব্যবস্থা করবো।
উঠান বৈঠকে আল-মদিনা সুপার মার্কেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।