রাজধানীর যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪৩ পিস ইয়াবা, ২২ পুরিয়া হেরোইন, একটি বিয়ার ক্যান এবং মাদক বিক্রির নগদ ৩৩ লাখ ৮৬ হাজার ৭৩০ টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ডিএমপির যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে প্রায় ৭২ হাজার ৯০০ টাকা মূল্যের ২৪৩ পিস ইয়াবা এবং ৬ হাজার ৬০০ টাকা মূল্যের ২২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ সময় একটি বিয়ার ক্যানও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. হাসান (২৭), পিতা মেছের আলী, সাং দক্ষিণ শেখদি এবং মো. রোহান ইসলাম (২২), পিতা মো. রিপন সিকদার, সাং শনির আখড়া, থানা যাত্রাবাড়ী, ঢাকা।
অভিযানকালে তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩৩ লাখ ৮৬ হাজার ৭৩০ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এসআরবি-১০ সূত্রে জানা যায়, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে উদ্ধারকৃত মাদকসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১০ জানিয়েছে, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।