ফৌজদারি মামলা করতে সড়ক বিভাগ ও স্থানীয় প্রশাসনের হাত কাঁপছে কেন?
অদৃশ্য শক্তির’ কাছেই জিম্মি হয়ে পড়েছে পুরো প্রশাসক
নবীনগর-ইপিজেড-কালিয়াকৈর (চন্দ্রা) জাতীয় মহাসড়কের (এন-৫৪০) চক্রবর্তী এলাকায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রায় তিন একর সরকারি সম্পত্তি জবরদখল করে রীতিমতো বর্জ্যের পাহাড় ও মাটির অবৈধ বাণিজ্য গড়ে তুলেছেন মো. ওসমান গনি নামে এক প্রভাবশালী দখলদার। ভিভিআইপিদের যাতায়াতকৃত ও উত্তরবঙ্গের সাথে রাজধানীর যোগাযোগের অন্যতম লাইফলাইন খ্যাত এই মহাসড়কটি ওসমান গনির দৌরাত্ম্যে এখন ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। সড়কের হার্ড শোল্ডার দখল করে মাটি ও আবর্জনার স্তূপ তৈরি এবং দিনরাত সেই ময়লায় আগুন জ্বালিয়ে রাখায় পুরো এলাকা এখন বিষাক্ত ধোঁয়া ও দুর্ঘটনার জনপদে রূপ নিয়েছে।
নবীনগর থেকে ৮ কিলোমিটার দূরে চক্রবর্তী এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় ভয়াবহ চিত্র। ৩০ ফুটের প্রশস্ত মহাসড়কটি দখলদারিত্বের কবলে পড়ে সংকুচিত হয়ে মাত্র ৭ ফুটে এসে ঠেকেছে। আশুলিয়া, নবীনগর, বাইপাইল, জিরানী, কাশিমপুর, ভবানীপুর ও পানিসাইল এলাকার সব বর্জ্য এনে এখানে পাহাড় সমান স্তূপ তৈরি করা হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব বর্জ্যে আগুন জ্বালিয়ে রাখায় কালো বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন থাকছে মহাসড়কের চারপাশ। একদিকে তীব্র দুর্গন্ধ ও বায়ুদূষণে জনজীবন বিপর্যস্ত, অন্যদিকে কালো ধোঁয়ায় দৃষ্টিসীমা শূন্যের কোঠায় নেমে আসায় এবং বর্জ্যের পচা পানি গড়িয়ে মূল পিচঢালা সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় প্রতিনিয়ত ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা।
অভিযোগ রয়েছে, প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা ও দলীয় প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় ওসমান গনি এলাকায় ‘রামরাজত্ব’ কায়েম করেছেন। দিনে দিনে তার আচরণ আরও হিংস্র হয়ে উঠছে। কেউ তার এই অপকর্মের প্রতিবাদ করলে তাকে প্রকাশ্য হামলা ও প্রতিঘাতের শিকার হতে হচ্ছে। আইন-কানুন ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওসমান গনি দম্ভোক্তি করে বলে বেড়ান—
প্রশাসন ক্ষমতায় তিন বছর, আমি ওসমান গনি আজীবন থাকব; কেউ আমার কেশাগ্রও স্পর্শ করতে পারবে না। তার এই অবৈধ বর্জ্য বাণিজ্যের কারণে গাজীপুর সিটি কর্পোরেশন প্রতি মাসে বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে এবং ভেঙে পড়েছে টেন্ডারভিত্তিক বৈধ বর্জ্য ব্যবস্থাপনা।
মানিকগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নয়ারহাট সড়ক উপ-বিভাগ কার্যালয়ের দুটি দাপ্তরিক নথি বিশ্লেষণ করে দেখা যায়, সরকারিভাবে ওসমান গনির এই অপরাধের সত্যতা নিশ্চিত হওয়া সত্ত্বেও রহস্যজনক কারণে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না:
উচ্ছেদ নোটিশের তোয়াক্কা নেই (০৪ নভেম্বর, ২০২৬) উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক স্বাক্ষরিত (স্মারক নং- ৪৬৩) এক নোটিশে চক্রবর্তী এলাকার মো. ওসমান গনিকে সরাসরি অভিযুক্ত করা হয়। চিঠিতে স্পষ্ট বলা হয়, তিনি মহাসড়কের ৮ম কিলোমিটার অংশে চক্রবর্তী মৌজায় চন্দ্রা অভিমুখী সড়কের বামপাশে হার্ড শোল্ডারের ওপর অবৈধভাবে মাটির স্তূপ করে ব্যবসা পরিচালনা করছেন। এতে সড়কের ক্যারেজওয়ে সরু ও পিচ্ছিল হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, যা সরকারি আইনের প্রতি চরম অবজ্ঞা এবং মহাসড়ক আইনে দণ্ডনীয় অপরাধ। ওই চিঠিতে তাকে মাত্র ২ দিনের মধ্যে নিজ দায়িত্বে মাটি অপসারণের চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। কিন্তু নোটিশের মেয়াদ পেরিয়ে গেলেও বহাল তবিয়তে দখলদারিত্ব চালিয়ে যাচ্ছেন ওসমান গনি।
সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েই দায়সারা সওজ (১৬ নভেম্বর, ২০২৬)ওসমান গনির বিরুদ্ধে মামলা বা উচ্ছেদ অভিযান পরিচালনা না করে উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (স্মারক নং- ৪৪৮) আরও একটি জরুরি চিঠি দেন। চিঠিতে উল্লেখ করা হয়, মহাসড়কের ৮ম (চক্রবর্তী) থেকে ১১তম কিলোমিটার (কবিরপুর) পর্যন্ত সওজের অধিগ্রহণকৃত জমিতে খোলা পরিবেশে সিটি কর্পোরেশন এলাকার ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। ময়লার পানি সড়কে এসে মূল পেভমেন্ট পিচ্ছিল হয়ে দুর্ঘটনা ঘটছে এবং জনস্বাস্থ্য চরম হুমকির মুখে পড়েছে।
সরকারি জমি দখল ও আইন লঙ্ঘনের অকাট্য প্রমাণ হাতের মুঠোয় থাকার পরও কেন ওসমান গনিকে গ্রেপ্তার বা উচ্ছেদ করা হচ্ছে না—এমন প্রশ্নের উত্তর খুঁজতে মানিকগঞ্জ সওজের নয়ারহাট শাখার উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিকের কার্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনকে একাধিক চিঠি দেওয়ার দোহাই দিয়ে নিজের দায় এড়িয়ে যান। একই সুরে কথা বলেন মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীও; তার দাবি, সিটি কর্পোরেশনকে বারবার চিঠি দিলেও তারা কোনো প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে না।
অন্যদিকে, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানার সাথে যোগাযোগ করা হলে তিনি ওসমান গনির সাথে সিটি কর্পোরেশনের সম্পৃক্ততার কথা সরাসরি নাকচ করে দেন। তিনি জানান, ওসমান গনি আমাদের সিটি কর্পোরেশনের মনোনীত কোনো ব্যক্তি নন।
সড়ক বিভাগ ও সিটি কর্পোরেশনের এমন ‘চিঠি চালাচালি’ এবং দায় এড়ানোর সংস্কৃতির সুযোগে আরও বেপরোয়া হয়ে উঠেছেন ওসমান গনি। সচেতন মহল ও ভুক্তভোগী যাত্রীদের প্রশ্ন—যে ব্যক্তি সিটি কর্পোরেশনের কেউ নন এবং যিনি সরাসরি সওজের জমি দখল করে মহাসড়ক আইন লঙ্ঘন করছেন, তাকে উচ্ছেদ করতে বা তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে সড়ক বিভাগ ও স্থানীয় প্রশাসনের হাত কাঁপছে কেন? নাকি ওসমান গনির কথিত ‘অদৃশ্য শক্তির’ কাছেই জিম্মি হয়ে পড়েছে পুরো প্রশাসন? দ্রুত এই দখলদারকে গ্রেপ্তার ও মহাসড়কটি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।